সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় তিন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নদীভাঙন, বিদ্যুৎ, স্বাস্থ্য, খাদ্য ও সার সরবরাহসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, জেলার উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। জরুরি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় দ্রুত তাকে অবহিত করার পাশাপাশি জেলা প্রশাসকদের নিয়মিত উপজেলা পরিদর্শনেরও পরামর্শ দেন তিনি।
সভায় মাদক ও জুয়া নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, কমিউনিটি পুলিশিং এবং সামাজিক সচেতনতা কার্যক্রম জোরদারের কথা জানানো হয়। গুজব প্রতিরোধে দ্রুত সঠিক তথ্য প্রচার এবং নদীভাঙন ও অন্যান্য স্থানীয় সমস্যা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সার সরবরাহে কৃত্রিম সংকট এড়াতে কৃষকদের সময়মতো সার নিশ্চিত করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
মীর শাহে আলম বলেন, সমন্বিতভাবে কাজ করলে জেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করা সম্ভব। তিনি সংশ্লিষ্ট জেলাগুলো সফর করে উন্নয়ন ও জনসেবার বাস্তব পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের কথাও জানান।




