বুধবার সচিবালয়ে জরুরি মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার ৬৪ জেলা ও ৫০৩ উপজেলাসহ ইউনিয়ন, পৌরসভা ও মহানগর পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এডিস মশার লার্ভা উৎপাদনের সম্ভাব্য স্থান চিহ্নিত করে পরিষ্কারের পাশাপাশি সাধারণ ময়লা-আবর্জনাও অপসারণ করা হবে।
সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এডিস মশার প্রজনন বাড়তে পারে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ সময়ে ডেঙ্গুর প্রকোপও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই রোগীদের চিকিৎসার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেশের কলেজ, হাইস্কুল ও মাদরাসাগুলোকে কর্মসূচির আওতায় আনা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতি শনিবার নর্দমা, খাল, পুকুর, খেলার মাঠসহ সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করবেন।
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পাঁচটি করে শয্যা প্রস্তুত রাখা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। প্রয়োজন অনুযায়ী শয্যা সংখ্যা বাড়ানো হবে।
উদ্বোধনী কর্মসূচিতে স্কাউটস, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, রেড ক্রিসেন্ট, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেবেন। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত থেকে স্থানীয়ভাবে কর্মসূচি পরিচালনা করবেন।




