শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমরুল কায়েস ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগ ও ব্যবহৃত উপকরণ সম্পর্কে অবহিত করেন।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক হাজার ৫০০ সদস্য ২৪টি দলে বিভক্ত হয়ে ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে বাড়ি বাড়ি পরিদর্শন, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন।
বিশেষ করে অঞ্চল-৫-এর সংসদ ভবন ও আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং লার্ভানিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।
সিটি করপোরেশন জানিয়েছে, চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থান, সম্ভাব্য প্রজননস্থল ও পূর্বের হটস্পটগুলোকে অগ্রাধিকার দিয়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শুধু মশক নিধন নয়, এডিসের উৎস শনাক্ত ও ধ্বংস এবং প্রয়োজন অনুযায়ী লার্ভানাশক প্রয়োগের মাধ্যমে উৎস নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।



