বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের এমপি আপসানা বেগম। এতে এমপি শকাত আদম ও লর্ড কুরবান হোসেনও ছিলেন।
বৈঠকে দুই দেশের পার্লামেন্টের মধ্যে সহযোগিতা, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের বিভিন্ন বিষয়, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্য ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সহাবস্থানের বিষয়ও তুলে ধরেন মন্ত্রী।
নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি বৈচিত্র্য ও সম্প্রীতির প্রতিচ্ছবি। দেশের বিভিন্ন ধর্ম ও জনগোষ্ঠীর মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
দুর্গাপূজা প্রসঙ্গে তিনি জানান, গত বছর সারা দেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এ বছর এ সংখ্যা আরও বাড়তে পারে। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী জানান, দুর্গাপূজা উপলক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৪ কোটি টাকা থেকে ৫ কোটি টাকায় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর বিষয়েও জানান তিনি।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পার্লামেন্টারি যোগাযোগ জোরদার, বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন বিষয়, বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
এ সময় সংস্কৃতি সচিব ইয়াসমিন বেগম, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিয়া সুমনাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




