বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের তৈরি পোশাকশিল্প, বিশেষ করে কৃত্রিম তন্তু (ম্যান-মেড ফাইবার), টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদনে ইউনিক্লোকে আরও বিনিয়োগের আহ্বান জানান। এ ছাড়া প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন ও পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে জমির ব্যবস্থাসহ সব ধরনের প্রশাসনিক অনুমোদনে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
এ সময় দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকিসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


