ডিটিসিএ সূত্রে জানা যায়, নতুন ব্যবস্থায় প্রতিটি নির্ধারিত রুটে একটি নির্দিষ্ট কোম্পানির বাস চলবে। এতে যাত্রী ধরার অসুস্থ প্রতিযোগিতা কমার পাশাপাশি যানজটও কমবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে চালু হতে যাওয়া রুটগুলোতে ৭০ থেকে ২৫০টি পর্যন্ত নন-এসি বাস চলবে। এ ছাড়া ফার্মগেট-পলাশী, মোহাম্মদপুর ও উত্তরা এলাকায় ৩টি চক্রাকার বাস সার্ভিস চালুরও পরিকল্পনা রয়েছে।
ডিটিসিএর নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান বলেন, যাত্রীদের প্রকৃত চাহিদা ও সড়কের ধারণক্ষমতা বিশ্লেষণ করে এই পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে ৩২টি রুটে প্রতিদিন ৩৭ থেকে ৩৮ লাখ যাত্রীর যাতায়াতের সুযোগ তৈরি হবে। উল্লেখ্য, রাজধানীর বাস রুট পুনর্বিন্যাসের এই উদ্যোগ ২০১১ সালে নেওয়া হলেও ২০১৯ সালে ডিটিসিএ নতুন করে এর কাজ শুরু করে।


