এই সফরে তিনি সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসব অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী, পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ডা. শফিকুর রহমান
আমীরে জামায়াতের নেতৃত্বে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদলের সদস্য হিসেবে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।
সফরের শুরুতে ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর পর ২১ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতৃবৃন্দের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন। একই দিন বিকেলে তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে আয়োজিত শিশু-কিশোরদের আনন্দমেলা অনুষ্ঠান এবং শিবিরের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে 'রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।
আরও পড়ুন
পরদিন ২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত 'জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড' শীর্ষক বৃহত্তর আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত আরেকটি সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের উন্নয়নে তাঁদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।
তাঁর প্রতিটি অনুষ্ঠানে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিকতা ও ভালোবাসা সফরটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি মতবিনিময়, তাদের প্রত্যাশা ও অভিজ্ঞতা শোনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে।