ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, খুব শিগগিরই হোয়াটসঅ্যাপে ফোন নম্বরের পরিবর্তে ইউজারনেম ব্যবহার করার সুযোগ চালু হবে। ফলে নতুন কারও সঙ্গে চ্যাট করার সময় ব্যক্তিগত নম্বর শেয়ার করার প্রয়োজন হবে না।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, প্রত্যেক ব্যবহারকারী নিজের পছন্দ অনুযায়ী একটি ইউনিক ইউজারনেম নির্বাচন করতে পারবেন। এর ফলে ব্যবহারকারীদের ফোন নম্বরের গোপনীয়তা আরও সুরক্ষিত থাকবে।
নতুন ফিচার চালু হলে বড় কোনো গ্রুপে যোগ দেওয়া বা প্রথমবার কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে বার্তা আদান-প্রদানের সময় ব্যবহারকারীর ফোন নম্বর অন্যদের কাছে দৃশ্যমান হবে না। যোগাযোগের জন্য ইউজারনেমই হবে প্রধান পরিচয়।
মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের খুঁজে পাওয়ার জন্য কোনো স্বয়ংক্রিয় সাজেশন বা বড় ধরনের ইউজারনেম তালিকা থাকবে না। ফলে কারও সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার সঠিক ইউজারনেম জানা প্রয়োজন হবে।
বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের সক্রিয় ব্যবহারকারী তিনশ কোটিরও বেশি হওয়ায় নতুন সুবিধাটি একযোগে সবার জন্য চালু করা সম্ভব নয়। তাই আগামী কয়েক মাসে ধাপে ধাপে বিভিন্ন দেশে এই ফিচার চালু করা হবে। ফিচারটি সংশ্লিষ্ট অঞ্চলে চালু হলে ব্যবহারকারীদের তা জানিয়ে দেওয়া হবে।
প্রাথমিকভাবে উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এই সুবিধা ব্যবহারের সুযোগ পাবে। তবে এ ফিচার ব্যবহার করতে হলে তাদের মেটার অন্য কোনো প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক বা ইনস্টাগ্রাম-এ একটি অ্যাকাউন্ট থাকতে হবে।