রোববার (১২ জুলাই) দুপুরে পাবনা সদর উপজেলা মহিলাদলের উদ্যোগে শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে লতিফ টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মেহেরুন্নেছা শাজাহান, সহ-সভানেত্রী লুৎফুন্নাহার হাজারী ও ফারহানা পারভীন, যুগ্ম সম্পাদক শবনম মঞ্জিলা খানম মিতা, পাবনা সদর উপজেলা মহিলাদলের সভাপতি মোহছিনা খান সেতু এবং সাধারণ সম্পাদক জিনিয়া আফরোজ রিমা।
বক্তারা অভিযোগ করেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তারা ওই বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।
এ সময় বক্তারা আরও বলেন, এমন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং এর মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।
সমাবেশ থেকে সরওয়ার তুষারের বক্তব্যের নিন্দা জানানো হয় এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।