বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারকে বিব্রত করতে চায়, এমন একটি গোষ্ঠী রয়েছে। তারা শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।’
তিনি বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছিল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে যে ভুল হয়েছে, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তে পরীক্ষার্থীরা সন্তুষ্ট বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘এসব বিষয়কে আমরা অতিরিক্ত গুরুত্ব দিচ্ছি না। যারা এগুলো নিয়ে কথাবার্তা বলছেন, তাদের সংখ্যা খুব বেশি নয়। সরকার এ ধরনের কর্মকাণ্ডে মনোযোগ দিচ্ছে না।’
অন্তর্বর্তী সরকারের সময়ের শিক্ষার্থী আন্দোলনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় সচিবালয়ে প্রবেশ করে আন্দোলনের মাধ্যমে পরীক্ষা স্থগিত এবং বিনা পরীক্ষায় পাসের মতো ঘটনা ঘটেছিল, যা সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি।
তিনি বলেন, বর্তমান সরকার নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে অঙ্গীকারবদ্ধ। ‘দেশের শিক্ষার মান অনেক নিচে নেমে গিয়েছিল। আমরা নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করে শিক্ষার মান উন্নয়নে কাজ করছি,’ যোগ করেন তিনি।