বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামীমের ফেসবুক পোস্টে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মন্তব্য করেন বকুল। এর জেরেই তার বাসায় গিয়ে হামলা করা হয় বলে অভিযোগ।
পরে স্থানীয় নেতাকর্মীরা বকুলকে উদ্ধার করে প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্রদল। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে শামীম আহমদকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা।
বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।




