শনিবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশি যাত্রীদের ইউরোপ বা উত্তর আমেরিকা যেতে দুবাই, দোহা, ইস্তানবুল, কুয়ালালামপুরসহ বিভিন্ন আন্তর্জাতিক হাব ব্যবহার করতে হয়। ইউএস-বাংলা চায় এই সংযোগের একটি বড় অংশ ঢাকাকেন্দ্রিক করতে।
আবদুল্লাহ আল মামুন জানান, ২০২৭ সালের মধ্যে ২০টি দেশে ৩০টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার লক্ষ্য রয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ এনজি। উড়োজাহাজগুলো ২০২৭ সালের মধ্যে বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে বিনিয়োগ হবে প্রায় দেড় বিলিয়ন ডলার।
তিনি বলেন, নতুন উড়োজাহাজের মাধ্যমে নতুন গন্তব্য চালুর পাশাপাশি বিদ্যমান রুটে ফ্লাইট বাড়ানো এবং তুলনামূলক দক্ষ উড়োজাহাজ ব্যবহারের মাধ্যমে পরিচালন ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে। দক্ষিণ এশিয়ায় বেঙ্গালুরু, দিল্লি, কাঠমান্ডু ও কলম্বো এবং পূর্ব এশিয়ায় বেইজিং ও হংকংকে সম্ভাবনাময় গন্তব্য হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়াতেও নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। দাম্মাম, মদিনা, সালালা, কুয়েত, বাহরাইন, ব্রুনাই, পেনাং ও জহুরবাহরুর মতো গন্তব্যে যাওয়ার সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। দীর্ঘমেয়াদে লন্ডন ও রোমের পাশাপাশি নিউইয়র্ক, টরন্টো ও সিডনিতেও ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
ইউএস-বাংলার ব্যবস্থাপনা পরিচালক বলেন, আন্তর্জাতিক যাত্রী পরিবহনের পাশাপাশি এয়ার কার্গো, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ, ক্যাটারিং ও প্রযুক্তি খাতেও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যাত্রীবাহী ফ্লাইটে পণ্য পরিবহনের মাধ্যমে বড় ধরনের আয়ের সুযোগ রয়েছে।
তবে বড় বহর সম্প্রসারণের সঙ্গে ঝুঁকিও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। পর্যাপ্ত যাত্রী ও লাভজনক রুট নিশ্চিত করা, বৈদেশিক মুদ্রায় ব্যয়, জ্বালানির দামের ওঠানামা, দক্ষ জনবল এবং ঢাকার বিমানবন্দরের সক্ষমতা—এসব বিষয়কে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
আবদুল্লাহ আল মামুনের মতে, পরিকল্পনাটি সফল হলে ইউএস-বাংলা শুধু একটি দেশীয় বেসরকারি এয়ারলাইন হিসেবে সীমাবদ্ধ থাকবে না। ঢাকাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়া এবং পরবর্তী সময়ে ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আকাশপথের সংযোগ তৈরি হতে পারে।




