বৃহস্পতিবার চলমান দ্বাদশ সেইন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরামে দুই দেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে এতে স্বাক্ষর করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সমঝোতার আওতায় সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব ও সৃজনশীল সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
ফোরামে মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ইউ টিন উ লুইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নিতাই রায় চৌধুরী। এ সময় দুই দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়।
ফোরামের দ্বিতীয় দিনে ‘ফোক আর্টিজান ক্রাফটওয়ার্ক রিবুটেড’ শীর্ষক অধিবেশনে মূল বক্তব্য দেবেন সংস্কৃতিমন্ত্রী। সেখানে বাংলাদেশের লোকশিল্প, কারুশিল্প ও ঐতিহ্যবাহী হস্তশিল্পের সম্ভাবনা তুলে ধরবেন তিনি। এ ছাড়া রাশিয়ার আন্তর্জাতিক গণমাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্য তুলে ধরার কথা রয়েছে।
২৪ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ফোরামে অংশ নিতে মন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল ২২ সেপ্টেম্বর ঢাকা ছাড়ে। সফর শেষে ২৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।




