বৃহস্পতিবার ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তাদের কর্মকাণ্ডে দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তিনি ওই দলের উদ্দেশে বলেন, ‘আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিয়ত করুন।’
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বর্তমান সরকারের পাঁচ বছরের মেয়াদে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করার পাশাপাশি কিডনি রোগীদের ডায়ালাইসিস সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার গঠনের পর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে প্রায় ১৩ লাখ কৃষক উপকৃত হয়েছেন এবং সরকারের ব্যয় হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা।
মহুরী-কহুয়া প্রকল্প বাস্তবায়িত হলে বৃহত্তর নোয়াখালীর মানুষ বন্যার ঝুঁকি থেকে সুরক্ষা পাবে বলে জানান প্রধানমন্ত্রী। এতে নতুন করে ৩৪ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে এবং বছরে প্রায় এক লাখ টন ফসল উৎপাদন বাড়বে বলেও জানান তিনি।




