শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশনের’ ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, মাথা উঁচু রেখে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্বে প্রস্তুত বাংলাদেশ। তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জনগণের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নতুন উৎস ও ক্ষেত্র খোঁজার পাশাপাশি দেশের নিজস্ব গ্যাস ও এলএনজি উৎস অনুসন্ধানে কাজ চলছে। সৌরবিদ্যুৎ সম্প্রসারণ এবং নাগরিকদের জ্বালানি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে, যা দেশের অর্থনীতিতে চাপ তৈরি করেছে। তবে মানবিক দিক বিবেচনায় বাংলাদেশ সহযোগিতাপূর্ণ অবস্থানে রয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও সুশৃঙ্খল প্রত্যাবাসনে অংশীদার ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।




