স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা ৩০ সেপ্টেম্বর জারি করা অফিস আদেশে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পর্যায়ের এসব কর্মকর্তাকে বিভিন্ন মেডিক্যাল কলেজ, বিশেষায়িত, জেলা ও উপজেলা হাসপাতাল পরিদর্শনের দায়িত্ব দেয়।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাসপাতালের জনবল, চিকিৎসকদের ডিজিটাল হাজিরা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা তদারকি করতে বলা হয়েছে। পাশাপাশি টিকাদান, সংক্রামক রোগ প্রতিরোধ, মাতৃ ও শিশুসেবা, পুষ্টি এবং জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতিও পর্যবেক্ষণ করতে হবে।
আদেশ অনুযায়ী, কর্মকর্তাদের নিয়মিত জেলা, উপজেলা ও হাসপাতাল পরিদর্শন করে সমস্যা চিহ্নিত এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। প্রতিটি কর্মকর্তাকে মাসে অন্তত একটি পরিদর্শন করতে হবে এবং পরিদর্শনের প্রতিবেদন পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় জমা দিতে হবে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটসহ গুরুত্বপূর্ণ হাসপাতাল ও বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর জন্যও পৃথক তদারক কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া দেশের বিভিন্ন জেলার হাসপাতালের পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতাল তদারকির দায়িত্বও দেওয়া হয়েছে। কর্মকর্তাদের জেলা প্রশাসন, সিভিল সার্জন, উপজেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে।




