বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত র্যালির আগে তিনি বলেন, সীমিত আয়ের মানুষের জন্য এক লাখ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সিটি করপোরেশন, জেলা ও গুরুত্বপূর্ণ নগর এলাকায় মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, মাস্টারপ্ল্যানের আওতায় আবাসন, সড়ক, যোগাযোগ ও প্রয়োজনীয় নাগরিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে অপরিকল্পিত নগরায়ণ রোধ করতে হবে। পরিকল্পিত নগরায়ণ ও আবাসন নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে ৫ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা, আবাসন মেলা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবাসন মেলার উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।
তিন দিনব্যাপী আবাসন মেলায় রিহ্যাব, নির্মাণ খাত, ব্যাংক, রাজউক, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় আবাসন, নির্মাণ ও ব্যাংকিং সেবা নিয়ে মোট ১৫৭টি স্টল থাকবে।
এ ছাড়া দেশব্যাপী বিভাগ ও জেলা পর্যায়েও বিশ্ব বসতি দিবসের কর্মসূচি পালন করা হবে। স্মরণিকা প্রকাশ, বিশেষ টকশো এবং বিভিন্ন স্থানে ব্যানার-পোস্টার স্থাপনের কর্মসূচিও রয়েছে।




