মঙ্গলবার (৬ অক্টোবর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের সমর্থকেরা দেশের নাগরিক। তাদের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া খারাপ ধারণা নয়। তবে এ জন্য দলটির পক্ষ থেকে অতীতের অপরাধ স্বীকার ও অনুতাপ প্রকাশের মতো একটি মৌলিক ভিত্তি প্রয়োজন।
তিনি বলেন, অপরাধ স্বীকার করলেই ফৌজদারি অপরাধের আইনি দায় শেষ হয় না। এ ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ও থাকে। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতায়ও সমঝোতার ক্ষেত্রে অপরাধের স্বীকৃতি ও অনুতাপ গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল বলে উল্লেখ করেন তিনি।
৫ আগস্টের পর আওয়ামী লীগের অবস্থান নিয়ে সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, দলটির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনো অপরাধ স্বীকার বা অনুতাপের ইতিবাচক অবস্থান দেখা যায়নি। বরং বিভিন্ন বক্তব্যে সরকার ও সংশ্লিষ্টদের সমালোচনা ও হুমকি দেওয়া হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার আলোচনা করতে হলে প্রথমে দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে সমঝোতার সেই মৌলিক ভিত্তি নিশ্চিত করতে হবে। এরপর এ বিষয়ে আলোচনা হতে পারে।




