অধিদপ্তরের আগস্ট মাসের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ২৮ সেপ্টেম্বর জারি করা অফিস আদেশে কর্মকর্তাদের নির্ধারিত এলাকা উল্লেখ করা হয়েছে। আগামী ৫ নভেম্বরের মধ্যে পরিদর্শন শেষ করে প্রতিবেদন জমা দিতে হবে।
আদেশ অনুযায়ী, অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা দেশের যেকোনো উপজেলা পরিদর্শন করতে পারবেন। অন্যান্য বিভাগের কর্মকর্তাদের নির্দিষ্ট উপজেলা ও থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।
উপবৃত্তি বিভাগের কর্মকর্তাদের নির্ধারিত এলাকায় দুই দিন অবস্থান করে একটি শহর ও দুটি গ্রামীণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে হবে। অন্যান্য বিভাগের কর্মকর্তাদের এক দিন অবস্থান করে একটি শহর ও একটি গ্রামীণ বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনের আগে সংশ্লিষ্ট বিভাগের পরিচালকের অনুমতি নিতে হবে। পরিদর্শন শেষে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করে পাঁচ কার্যদিবসের মধ্যে অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে জমা দিতে হবে। প্রতিবেদনের প্রমাণক টিএ/ডিএ বিলের সঙ্গে সংযুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী নিজ নিজ বেতন খাত থেকে টিএ/ডিএ পাবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. মাসুদ হোসেন গত সোমবার (৫ অক্টোবর) আদেশটিতে স্বাক্ষর করেন।




