বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিটিএমএ নেতাদের শিল্প খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা শুনেছেন শফিকুর রহমান। এসব সমস্যা সমাধানে জাতীয় সংসদে ভূমিকা রাখার পাশাপাশি সরকারের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
বিটিএমএ ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার বলেন, টেক্সটাইল খাতে প্রায় ৩২ বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে এবং পোশাকশিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজের বড় অংশের কাঁচামাল এ খাত থেকে সরবরাহ করা হয়। বৈঠকে গ্যাস-বিদ্যুৎ, প্রণোদনা, কর এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জসহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।
তিনি বলেন, এসব সমস্যার অনেকগুলো সরকারকে জানানো হয়েছে এবং কিছু ইতোমধ্যে সমাধান হয়েছে। বাকি বিষয়গুলো নিয়েও সরকারের সঙ্গে আলোচনা চলছে। বিরোধীদলীয় নেতা এসব বিষয়ে সংসদে কথা বলার এবং সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশের শিল্প খাতের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে টেক্সটাইল খাতের সমস্যাগুলো সমাধানে বিটিএমএর পাশে থাকার কথা জানিয়েছেন জামায়াত আমির।
এদিকে বাটেক্সপোর সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে গোলাম পরওয়ার বলেন, এটি দীর্ঘদিনের প্রচলিত রীতির ব্যতিক্রম। বিষয়টি নিয়ে জামায়াতের পক্ষ থেকে বিজিএমইএর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।




