বুধবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তৃণমূল পর্যায়ে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ দিতে পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় শিশু একাডেমির কার্যক্রম ও অবকাঠামো সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, শিশুদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, আবৃত্তি, গান, নৃত্যসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি’ ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব বর্তমান প্রজন্মের।
বিশেষ অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান শিশুদের মানবিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিশু একাডেমির কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন।
সেমিনারে শিশুশ্রম নিরসন, অপুষ্টি দূরীকরণ, শিশুস্বাস্থ্য নিশ্চিত করা, বাল্যবিয়ে ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সামাজিক উদ্যোগের আহ্বান জানানো হয়। পাশাপাশি শিশুদের কল্যাণে ‘সার্ক শিশু সম্মেলন’ আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়।




