সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হান্নান শাহ স্মৃতি সংসদ এ সভার আয়োজন করে।
রিজভী বলেন, তৃণমূলের নেতাকর্মীরাও সরকারের অংশ। পদ-পদবি বা ব্যক্তিগত প্রাপ্তির দিকে মনোযোগ না দিয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। সারের ডিলারশিপ ও ঠিকাদারি পাওয়ার জন্য দীর্ঘদিনের সংগ্রামের অর্জন নষ্ট করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পূজা কমিটির সঙ্গে আলোচনা করে পাহারা, পর্যবেক্ষণ ও নজরদারির ব্যবস্থা করার আহ্বান জানান রিজভী। তাঁর আশঙ্কা, নাশকতার মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হতে পারে। এ দায়িত্ব স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পালনে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, আন্তর্জাতিক সংঘাতের কারণে ডিজেল আমদানিতে সমস্যা হচ্ছে। শীতকালীন শাকসবজি ও রবিশস্য উৎপাদনে ডিজেল গুরুত্বপূর্ণ হওয়ায় সরকার সংকট মোকাবিলা করে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। তারেক রহমানের নেতৃত্বে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও দাবি করেন তিনি।
স্মরণসভায় আ স ম হান্নান শাহের রাজনৈতিক জীবন ও অবদানের স্মৃতিচারণ করে রিজভী তাঁকে সাহসী ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার নেতা হিসেবে উল্লেখ করেন। ওয়ান-ইলেভেনসহ বিভিন্ন সংকটে দলের পাশে থাকা এবং কারাবন্দি অবস্থায়ও দায়িত্ব পালনের কথা তুলে ধরেন তিনি।
সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।




