সোমবার (১২ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাঁদের নাম ঘোষণা করে। পুরস্কারটির আনুষ্ঠানিক নাম ‘আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনৈতিক বিজ্ঞানে Sveriges Riksbank পুরস্কার’।
অর্থনীতিতে কখনো মন্দা দেখা দেয়, আবার কখনো দ্রুত প্রবৃদ্ধি হয়। এসব ওঠানামা সামাল দিতে সুদের হার, সরকারি ব্যয় ও করনীতির মতো পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মন্দার সময় অর্থনৈতিক কার্যক্রম বাড়াতে নীতিগত উদ্যোগ নেওয়া হয়, অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর মতো পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় ব্যাংক।
হল ও উডফোর্ডের গবেষণায় পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত কীভাবে সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে, তা বিশ্লেষণ করা হয়েছে। পরিবারগুলোর ভোগ ও সঞ্চয়ের সিদ্ধান্ত এবং ব্যবসাপ্রতিষ্ঠানের মূল্য নির্ধারণের মতো বিষয়কে সামষ্টিক অর্থনৈতিক মডেলের সঙ্গে যুক্ত করে তাঁদের গবেষণা অর্থনৈতিক নীতির ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।
ভবিষ্যৎ নীতি সম্পর্কে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের বার্তাও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। নীতিনির্ধারকদের সিদ্ধান্ত সম্পর্কে স্পষ্ট ধারণা পেলে পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান তাদের বর্তমান ব্যয়, সঞ্চয় ও বিনিয়োগের পরিকল্পনা পরিবর্তন করতে পারে। এ কারণে নীতির বিশ্বাসযোগ্যতা ও আগাম যোগাযোগ অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।



