প্রতিমন্ত্রী জানান, আত্মকর্মসংস্থান, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ আটটি ক্যাটাগরিতে বাছাইকৃত ১৫ জন তরুণের প্রত্যেককে পদকের সঙ্গে এক লাখ টাকা (নগদ বা প্রাইজবন্ড), সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। অন্যদিকে, ৪৩২টি যুব সংগঠনের মধ্যে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠন এক লাখ, উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠন ৭৫ হাজার এবং বিশেষ ক্যাটাগরির ২০টি সংগঠন সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত অনুদান পাচ্ছে। জেলা প্রশাসকদের নেতৃত্বাধীন কমিটি ও যুবকল্যাণ তহবিল বোর্ডের মূল্যায়নের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় এদের নির্বাচন করা হয়েছে।
আগামী ১৭ অক্টোবর মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চেক হস্তান্তরের উদ্বোধনের পরপরই অনুদানের অর্থ ইএফটির মাধ্যমে সরাসরি সংশ্লিষ্ট সংগঠনগুলোর ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে জেলা প্রশাসকরা স্থানীয়ভাবে বাকি সংগঠনগুলোর হাতে চেক তুলে দেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


