শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে পেশাগত দায়িত্ব পালনকালে মাদক উদ্ধারে গেলে কনস্টেবল রোহিত দেওয়ান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেনকে বিএসএফ ধরে নিয়ে যায়। এ ঘটনাকে তিনি জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক এবং দেশের সার্বভৌমত্বের পরিপন্থী বলে মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, দুই প্রতিবেশী রাষ্ট্রের মর্যাদা, অধিকার ও পারস্পরিক নিরাপত্তা রক্ষায় সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁর অভিযোগ, ভারতীয় পক্ষের আচরণ এসব নীতিকে ক্ষুণ্ন করছে, যা গ্রহণযোগ্য নয়।
তিনি ভারতীয় কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের আহ্বান জানান। একই সঙ্গে বিএসএফের হেফাজতে থাকা দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে সম্মানের সঙ্গে দ্রুত দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
বিবৃতিতে গোলাম পরওয়ার বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেন, প্রতিবেশী ভারতের কাছ থেকে সম্মানজনক আচরণ নিশ্চিত করতে সরকারকে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানাতে হবে এবং ঘটনার প্রতিকার দাবি করতে হবে।



