সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর ২০২৬-২৭ অর্থবছরে মোট ৬৫ হাজার রোগীকে এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রোগীদের চিকিৎসা সক্ষমতা বাড়ানো এবং পরিবারের আর্থিক চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সহায়তার ক্ষেত্রে দরিদ্র, অসচ্ছল, প্রতিবন্ধী, শিশু, নারী, প্রবীণ এবং যাঁদের দ্রুত চিকিৎসা প্রয়োজন, তাঁরা অগ্রাধিকার পাবেন। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। একজন রোগী একই অর্থবছরে একবার এবং সারা জীবনে সর্বোচ্চ তিনবার এই সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। তবে জাল কাগজপত্র বা ভুল তথ্য দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
আগ্রহী রোগীদের প্রথমে নির্ধারিত লিংকে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এরপর পূরণকৃত ফরমের স্বাক্ষরিত প্রিন্টকপির সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি, ব্যাংক হিসাবের তথ্য, চিকিৎসকের সর্বশেষ ব্যবস্থাপত্র এবং রোগ শনাক্তকরণের এক বছরের বেশি পুরোনো নয়—এমন পরীক্ষার সত্যায়িত রিপোর্ট সংযুক্ত করতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র দুই কপি করে সংশ্লিষ্ট উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।


