শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ হলরুমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) বাস্তবায়নাধীন ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শতভাগ বিদ্যুতায়নের তথ্য দিয়ে উৎসব করলেও ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ সমস্যার সমাধানে প্রয়োজনীয় কাজ করেনি। এ অঞ্চলে বিদ্যুৎ ও গ্যাস সঞ্চালনের উপযুক্ত লাইন তৈরি না করায় মানুষকে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়েছে। বর্তমান সরকার এ সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির মাধ্যমে আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারে মানুষ উৎসাহিত হবে। এতে ময়মনসিংহ অঞ্চলসহ দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় সহায়তা মিলবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে সরকারের লক্ষ্য অর্জনেও কর্মসূচিটি ভূমিকা রাখবে। দেশের বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধানে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
কর্মসূচির সূচনা হিসেবে দুটি বাড়ির ছাদে ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে বিশেষ অতিথি সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের বাড়িতে ২০ কিলোওয়াট পিক এবং ভালুকার বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে ৫ কিলোওয়াট পিক সক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ। স্বাগত বক্তব্য দেন ইডকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মনিরুল ইসলাম। কর্মসূচির ওপর উপস্থাপনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল।
এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. আনিছুজ্জামান এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মো. আশফাকুল আমিন মুকুট। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ইডকল ও বিআইএফএফএলের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির আওতায় দেশের আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আবাসিক পর্যায়ে নবায়নযোগ্য, পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।




