প্রতিমন্ত্রী জানান, সরকারি গেজেটে স্পষ্টভাবে বলা আছে—আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের যেকোনো প্রকাশনা, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং সভা-সমাবেশ নিষিদ্ধ। দলটির কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, জন্মলগ্ন থেকেই তারা গুম-খুন ও অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত। রাতের অন্ধকারে ঝটিকা মিছিল ও যানবাহনে অগ্নিসংযোগ করে তারা আবারও প্রমাণ করছে যে তাদের রাজনীতি ধ্বংসের।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এসব সন্ত্রাসীকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এবং ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। অগ্নিসন্ত্রাসের পলাতক মূল হোতাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। এছাড়া, বর্তমান সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না এবং ভবিষ্যতেও এমন কোনো ইচ্ছা নেই বলে আশ্বস্ত করেন তথ্য প্রতিমন্ত্রী।


