সাক্ষাৎকালে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাপ্তরিক নথিতে রোহিঙ্গার সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘদিন ধরে এই বিপুল জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। সব আন্তর্জাতিক প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা।
তিনি আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান।
বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের দীর্ঘদিন ধরে মানবিক আশ্রয় ও সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জাতিসংঘ ও এর আন্তর্জাতিক সহযোগীরা প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
বৈঠকে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত সহায়তার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। পাশাপাশি চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির তাগিদ দেওয়া হয়।
সাক্ষাৎকালে বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী টমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও যুগ্মসচিব রেবেকা খান উপস্থিত ছিলেন।




