বুধবার (১১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত ‘সাসটেইনেবিলিটি ডে ২০২৬: নিউ ফ্রন্টিয়ার্স ফর গ্রোথ’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতীয় জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিত করার উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, দেশে নিজস্ব গ্যাসকূপ অনুসন্ধান, নতুন এফএসআরইউ স্থাপন এবং কয়লার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে এবং আমদানির ওপর স্থায়ী নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব সম্পদের মাধ্যমে টেকসই জ্বালানি নিরাপত্তা সুসংহত করাই বর্তমান নীতি।
অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে সরকার টেকসই জ্বালানি ব্যবস্থার একটি সুস্পষ্ট রূপরেখা নির্ধারণ করে কাজ করছে বলে জানান মাহ্দী আমিন। তিনি বলেন, নবায়নযোগ্য ও পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোকে সরকার এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, যার মধ্যে সৌরবিদ্যুৎ অন্যতম। এই লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ খাত থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে। সৌরবিদ্যুতের পাশাপাশি বর্জ্যকে সম্পদে রূপান্তরের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে—শিল্পবর্জ্য, অপরিশোধিত পানি ও রাসায়নিক বর্জ্যকে কার্যকর উপযোগিতায় রূপান্তর করে তা থেকে বিদ্যুৎ, গ্যাস ও পুনর্ব্যবহারযোগ্য পানি উৎপাদন করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি। বর্জ্যকে কেবল ফেলে দেওয়া বা অপসারণের মধ্যে সীমাবদ্ধ না রেখে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের এই বৈশ্বিক আধুনিক পদ্ধতি দেশের প্রতিটি শিল্পখাতে সন্নিবেশিত করার আহ্বান জানান তিনি।
পোশাক খাতকে দেশের অর্থনীতির মূল প্রাণশক্তি উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, এই খাতের ঐতিহাসিক উত্তরাধিকার নিয়ে সরকার অত্যন্ত গর্বিত; বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে এই খাতের সূচনা হয়েছিল। রপ্তানি বাস্কেট সম্প্রসারণ ও টেকসই উন্নয়নের তাগিদ দিয়ে তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির অগ্রগতি ধরে রাখতে হলে পোশাক পণ্যের বৈচিত্র্য আনয়ন এবং এর পাশাপাশি অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতের বিকাশ ঘটাতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান অর্থবহ ও মর্যাদাপূর্ণ করার ওপরও জোর দেন তিনি। তিনি জানান, এককভাবে শুধু পোশাক খাতেই বাংলাদেশে আজ প্রায় ৩০০টি ‘লিড সার্টিফাইড’ পরিবেশবান্ধব সবুজ কারখানা গড়ে উঠেছে।
সুশাসন ও প্রাতিষ্ঠানিক রূপান্তরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আইনের শাসন, সামাজিক সুবিচার ও সাম্যভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে; বন্দর থেকে শুল্কব্যবস্থা পর্যন্ত প্রতিটি সেবা প্রদানকারী সংস্থাকে সময়োপযোগী সংস্কার ও সুনির্দিষ্ট জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উন্নয়নের নামে অতীতে নির্বিচারে বৃক্ষনিধন ও পরিবেশ ধ্বংসের ক্ষত কাটিয়ে উঠতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় অঙ্গীকার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সরকারের টেকসই উন্নয়নের পথনকশার মূল চারটি স্তম্ভ—পরিবেশের সুরক্ষা, ব্যক্তির ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা, নতুন সম্ভাবনাময় শিল্পের বিকাশ এবং সুশাসন ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা—বাস্তবায়নে উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক অংশীদার ও বেসরকারি খাতকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান, ঢাকাস্থ নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন প্রমুখ।



