গত রমজানে এ সংখ্যা ছিল ৪৫০। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার সুযোগ পাবেন প্রায় ৪০ লাখ মানুষ। আগেরবারের তুলনায় সুবিধাভোগীর সংখ্যা বাড়বে ছয় লাখ।
এ ছাড়া রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি বাড়তি পরিমাণে সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। স্মার্ট কার্ডের আওতাভুক্ত পরিবারের বাইরের ক্রেতাদের জন্যও খোলাবাজারে বিক্রির (ওএমএস) ব্যবস্থা চালুর চিন্তা করছে সংস্থাটি।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, রমজান সামনে রেখে পণ্য সংগ্রহের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। নিয়মিত বিতরণ কার্যক্রমে ঘাটতির আশঙ্কা নেই। কার্ডধারীদের বাইরে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পণ্য পৌঁছে দিতে অতিরিক্ত বিক্রির পরিকল্পনা রয়েছে।
এ জন্য আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চলছে। কয়েকটি পণ্যের দরপত্রও আহ্বান করা হয়েছে। তবে বাড়তি আমদানির সুনির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য টিসিবি একটি বার্ষিক সংগ্রহ পরিকল্পনা প্রণয়ন করেছে। এতে স্থানীয় ও বিদেশি বাজার থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।
এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ভোজ্যতেল আমদানি হয়েছে ৮ লাখ ২৩ হাজার টন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭ লাখ ৫ হাজার টন। পাশাপাশি সয়াবিন বীজ আমদানি হয়েছে ৫ লাখ ১ হাজার টন। একই সময়ে চিনির আমদানি দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার টনে (আগের বছরের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি), ছোলা আমদানি হয়েছে ৮২ হাজার টন (আগের বছর মাত্র ১২ হাজার টন), মসুর ডাল এসেছে ১ লাখ ২২ হাজার টন (৬৪ হাজার টন বেশি) এবং খেজুরের আমদানি বেড়ে হয়েছে ১১ হাজার টন (আগের বছর ৪ হাজার টন)।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আমদানি ও সরকারি সংগ্রহ কার্যক্রমে এই অগ্রগতি এবং বিক্রয়কেন্দ্র সম্প্রসারণের উদ্যোগ রমজানে বাজারে পণ্যের সরবরাহ বজায় রাখতে সহায়ক হতে পারে। তবে সাধারণ ক্রেতারা কতটা স্বস্তি পাবেন, তা নির্ভর করবে পণ্য সময়মতো বাজারে পৌঁছানো এবং সাশ্রয়ী দামে বিক্রি নিশ্চিত করার ওপর।




