গত বুধবার বিহার অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ে সম্পন্ন হয়। কয়েক দিন ধরে চলা বিয়ের আয়োজনে ছিল ব্যাপক উৎসব-আয়োজন। এর মধ্যে ঘোড়দৌড়ের পরিকল্পনাও ছিল।
রাজ্যের রাজধানী পাটনা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে নাদাওয়া গ্রামে পরিবারের পৈতৃক বাড়িতে বুধবার বিয়ের অনুষ্ঠান হয়। এতে রাজ্য বিধানসভার স্পিকারসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন বিখ্যাত রাজনীতিক এবং কয়েক লাখ মানুষ অংশ নেন।
চলতি মাসের শুরুর দিকে এক সংবাদ সম্মেলনে মোকামা আসনের পাঁচবারের বিধায়ক অনন্ত সিং বলেছিলেন, ‘সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু বিহার নয়, ভারত ও পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকেও অতিথিরা আসবেন।’
গতকাল ঘটনাস্থল থেকে পাওয়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মনে হচ্ছিল সত্যিই সবাই সেখানে হাজির হয়েছেন।
সংবাদমাধ্যমের হিসাব অনুযায়ী, বিয়েতে প্রায় পাঁচ লাখ মানুষ অংশ নেন। এতে পুরো গ্রামটি বড় মেলার রূপ নেয়। পাটনা থেকে গ্রামে যাতায়াতের সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
গুরুত্বপূর্ণ অতিথিদের আনা-নেওয়ার জন্য গ্রামে ছয়টি হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। অস্থায়ী রান্নাঘরে কয়েক শ রাঁধুনি ১৫০টির বেশি পদ তৈরি করেন। এর মধ্যে ছিল ৮০ লাখ মিষ্টি।
বুধবারের বিয়ের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হওয়ার কথা ছিল ঘোড়দৌড়। এ জন্য ৫২টি ঘোড়া আনা হয়েছিল। তবে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হওয়ায় শেষ মুহূর্তে প্রতিযোগিতাটি স্থগিত করা হয়। অনেক দর্শক দৌড়ের মাঠে ঢুকে পড়েছিলেন।
ঘোড়দৌড়ের প্রস্তুতিমূলক মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, প্রতিযোগিতা দেখতে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন। তাদের মধ্যে কয়েক শ মানুষ ভালোভাবে দেখার জন্য বিদ্যুতের খুঁটির ওপর উঠে বসেছিলেন।
গত সপ্তাহে বিধায়ক অনন্ত সিং তার এক্স অ্যাকাউন্টে একটি সাদা রঙের এসইউভির ভিডিও প্রকাশ করেন। গাড়িটির দাম ১০ লাখ থেকে ২০ লাখ রুপি (৮ হাজার ৩০০ থেকে ১৬ হাজার ৫০০ পাউন্ড বা ১০ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৬০০ ডলার)। তিনি জানান, ঘোড়দৌড়ে বিজয়ীকে গাড়িটি পুরস্কার হিসেবে দেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রাখা হয়েছে একটি মোটরসাইকেল ও একটি স্কুটার।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব বৃহস্পতিবার আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিবাঙ্গী বিয়ের অনুষ্ঠানে আসেন একটি ল্যান্ড ক্রুজারে। তার বর ঋষিকেশ কুমার যুক্তরাষ্ট্রের আটলান্টায় জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন। তিনি ১৫১টি গাড়ির বহর নিয়ে অনুষ্ঠানে আসেন।
অনন্ত সিংও জমকালোভাবে অনুষ্ঠানে প্রবেশ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, একটি এসইউভির সানরুফ দিয়ে উঠে দাঁড়িয়ে তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এ সময় তার চারপাশে সমর্থকদের ভিড় ছিল। প্রতিবেদনে বলা হয়, ‘তিনি মেয়ের বিয়েতে আসছিলেন, আর এমন ভঙ্গিতে এসেছিলেন, যা যেকোনো বরকেও ছাপিয়ে যায়।’
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কনের পরিবার বরকে ২ কোটি ৩০ লাখ রুপি মূল্যের একটি গাড়ি এবং স্বর্ণ ও রুপা উপহার দিয়েছে। তবে বিয়ের পেছনে মোট কত টাকা খরচ হয়েছে, তা অনন্ত সিং প্রকাশ করেননি।
বিহারের এই জাঁকজমকপূর্ণ বিয়েকে ‘রাজকীয় বিয়ে’ বলা হচ্ছে। রাজ্যটির প্রতি তিনজন নাগরিকের একজন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার হওয়ায় বিয়ের আয়োজনটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
অনন্ত সিংয়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও বিহার বিধান পরিষদের সদস্য নীরজ কুমার বিয়ের অর্থের উৎস খতিয়ে দেখতে তদন্তকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।




