আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সাভার থানাধীন জোরপুল এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে লাব্বাইক পরিবহনের একটি বাস পার্কিং করা অবস্থায় ছিল। দুপুরের দিকে হঠাৎ অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বাসটিতে আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় এবং দ্রুত কাজ শুরু করে আগুন নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে আগুনে বাসটির অভ্যন্তরভাগ ও বসার আসনগুলো পুড়ে গেছে।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, মহাসড়কের জোরপুল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী লাব্বাইক বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে আমরা খবর পাই। তাৎক্ষণিকভাবে সাভার ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে। এ ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে এখন পর্যন্ত এই ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটন করা যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়াসহ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




