শুক্রবার (২৭ নভেম্বর) থেকে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) উদ্যোগে এ তৎপরতা শুরু হয়েছে।
বিজিবি সূত্র জানায়, জেলার দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় দিন-রাত টহল বাড়ানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরা, বিশেষ ড্রোন ও অল-টেরেইন ভেহিকল (এটিভি) ব্যবহার করা হচ্ছে।
সীমান্ত সুরক্ষা ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক সভাও করছে বিজিবি।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকার বাসিন্দা কামরুল হাসান বলেন, এর আগেও বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্ত এলাকায় টহল দিয়েছেন তাঁরা। আবারও সীমান্তে বিজিবির বিশেষ সতর্ক অবস্থান দেখা যাচ্ছে।
কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, সব ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে। দায়িত্বপূর্ণ ১০৬ কিলোমিটার সীমান্তে অনুপ্রবেশ রোধে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিবিরবাজার আইসিপিসহ যেসব সীমান্ত দিয়ে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে, সেসব এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জনবল ও টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি অভিযানও চালানো হচ্ছে। সীমান্তে সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সবার সহযোগিতায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সফল হওয়ার আশা প্রকাশ করেন এই বিজিবি কর্মকর্তা।




