প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ● চলমান প্রকল্প শেষ হলে ভবদহের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে: পানিসম্পদমন্ত্রী ● টাঙ্গাইলে নিখোঁজ শিশু আদিবার মরদেহ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক ● শান্তির নগরীতে অশান্তির আগুন: খুলনায় ১১ মাসে ৮০ হত্যাকাণ্ড ● পুলিশে বড় রদবদল, ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ● গাজীপুরে হামলায় আহত আনসার সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক ● কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার ● ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণ লুট ● গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● প্রয়োজনে প্রাণের বিনিময়ে পুলিশ দেশের সম্পদ রক্ষা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ●

জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির

বিজ্ঞাপন
জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির
জনগণের দেওয়া গণভোটের রায় উপেক্ষা করে জাতীয় ঐক্যের কোনো উদ্যোগ সফল হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রকৃত ভিত্তি গড়ে উঠতে পারে। তা না হলে নতুন করে রাজনৈতিক বিভাজন ও অনিশ্চয়তা সৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশের মানুষ শুধু সরকার বদলের জন্য আন্দোলন করেনি। রাষ্ট্র পরিচালনার নীতি, কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তনের প্রত্যাশা নিয়েই তারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই সরকার গঠনের নির্বাচন এবং রাষ্ট্রকাঠামো পরিবর্তনের জন্য গণভোট আয়োজন করা হয়। নির্বাচনের আগে গণভোটের রায় মেনে নেওয়া ও জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে রাজনৈতিক দলগুলো একমত ছিল। কিন্তু নির্বাচনের পরদিন থেকেই সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তার অভিযোগ, গণরায় বাস্তবায়নের বদলে সরকার সংবিধান সংশোধনের জন্য নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। অথচ অন্তর্বর্তী সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের অধীনে টানা সাত মাস ধরে ৩৭টি রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন পক্ষ এ বিষয়ে আলোচনা করেছে। সেই আলোচনায় তৈরি হওয়া মতামত ও সিদ্ধান্তের ভিত্তিতেই সংস্কার এগিয়ে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। নতুন কমিটি গঠনের কোনো প্রয়োজন নেই বলেও জানান জামায়াত আমির।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সংবিধান সংশোধন ও রাষ্ট্রীয় সংস্কারের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, সংস্কারের মাধ্যমে জনগণের অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রকাঠামোয় পরিবর্তন আনা যায়। কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে নেওয়া সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ হওয়ার সুযোগ থাকে। সংসদ ও আদালতের মধ্যে নতুন কোনো বিরোধ বা অস্পষ্টতা তৈরি হোক, জামায়াত তা চায় না। এ কারণেই দলটি গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।

জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে আর দেরি না করে জাতীয় ঐকমত্যের ভিত্তি মজবুত করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে রাজনৈতিক দল ও জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, গণভোটের রায় কার্যকর হলে সেই ঐক্য নতুন করে গড়ে তোলার সুযোগ তৈরি হবে। তবে মূল দাবিগুলো পাশ কাটিয়ে কেবল সংলাপ বা ঐক্যের উদ্যোগ নেওয়া হলে তা দীর্ঘস্থায়ী হবে না। উল্টো এর সুযোগে অতীতের ফ্যাসিবাদী শক্তি আবার রাজনীতিতে ফেরার চেষ্টা করতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিএনপির রাজনৈতিক অবস্থানেরও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, অতীতের রাজনীতিতে ফিরে না যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও রদবদলের অভিযোগ তুলে তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে দলীয় প্রভাবমুক্ত রাখা জরুরি। মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত না হলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল এমন একটি মেধাভিত্তিক সমাজ, যেখানে দলীয় পরিচয় নয়, যোগ্যতা ও দক্ষতাই হবে মূল্যায়নের মাপকাঠি। কিন্তু নানা ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রবণতা সেই প্রত্যাশার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এ বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে জামায়াত আপত্তি জানিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি, দখল ও কমিশন বাণিজ্য, হত্যাকাণ্ড, মাদক এবং কিশোর গ্যাংয়ের তৎপরতায় জনজীবন অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে নারী ও শিশুর নিরাপত্তা নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মাদক বিক্রি ও তরুণদের মধ্যে মাদকাসক্তি ছড়িয়ে পড়া ঠেকাতে সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সংলাপে জামায়াত কোনো দলীয় স্বার্থ নিয়ে বসতে চায় না। জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনা, রাজনৈতিক ও সামাজিক পরিবেশ পরিচ্ছন্ন করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করার মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েই আলোচনায় অংশ নেবে দলটি। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য গড়তে হলে তার ভিত্তি হতে হবে জনগণের অধিকার ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন।

দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় খরচের চাপ সাধারণ মানুষের ওপর বাড়ছে। এসব সমস্যার জন্য কেবল অতীতের সরকার বা আন্তর্জাতিক পরিস্থিতিকে দায়ী না করে বর্তমান সরকারকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

প্রতিবেশী দেশের পক্ষ থেকে বাংলাদেশকে নিয়ে হুমকিমূলক বক্তব্যের প্রসঙ্গ টেনে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, তবে বন্ধুত্ব নির্ভর করে পারস্পরিক সম্মান ও আচরণের ওপর। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত ও জনগণের নিরাপত্তার প্রশ্নে সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে। এ ক্ষেত্রে সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন তিনি।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো একটি বাহিনীর একার পক্ষে দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। রাষ্ট্রীয় বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সীমান্ত এবং মানুষের জীবন, সম্পদ ও অধিকার রক্ষা করতে হবে।

বিদেশের সঙ্গে সই হওয়া চুক্তি সংসদে উপস্থাপন ও আলোচনার ওপরও গুরুত্ব দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তি শুধু সরকারের বিষয় নয়; এর সঙ্গে দেশের ভবিষ্যৎ ও জনগণের স্বার্থ জড়িত। কোনো চুক্তিতে বাংলাদেশ কী পাচ্ছে আর কী ছাড় দিচ্ছে, তা জানার অধিকার জনগণের আছে। তাই এসব বিষয়ে সংসদে যথাযথ আলোচনা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

নতুন প্রজন্মকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্যে তিনি বলেন, অতীতের বিভেদ ও সংঘাত পেছনে ফেলে ভবিষ্যৎ নির্মাণে মনোযোগ দিতে হবে। তরুণ ও যুবসমাজকে নেতৃত্বে এনে একটি মানবিক, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া ১৪০০ শহীদের সঙ্গে প্রতারণা

ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া ১৪০০ শহীদের সঙ্গে প্রতারণা

১৬ ঘণ্টা আগে
শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু

শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু

১ দিন আগে
১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি

১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি

১ দিন আগে
দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না

দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না

১ দিন আগে
বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে তাদের রাজনীতি করার অধিকার নেই

বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে তাদের রাজনীতি করার অধিকার নেই

১ দিন আগে
জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন

জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন

১ দিন আগে