সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান।
প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নির্বিঘ্ন রাখতে এবং জনস্বার্থ বিবেচনায় পূর্বে জারি করা বিশেষ সুবিধার মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করা হয়েছে।
এর ফলে যেসব প্রবাসী বাংলাদেশির পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্ট ইস্যু বা পুনঃইস্যুর আবেদন করতে পারবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের ৮ জুলাই জারি করা আদেশ অনুযায়ী এ সুবিধার মেয়াদ ৩০ জুন ২০২৬ পর্যন্ত ছিল। সর্বশেষ সিদ্ধান্তে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সময়সীমা বাড়ানোয় যেসব প্রবাসী নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্টের তথ্য সংশোধনের আবেদন করতে পারেননি, তারা এখন নতুন সময়সীমার মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন। এতে প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ হবে এবং বিদেশে বিভিন্ন প্রশাসনিক ও ভ্রমণসংক্রান্ত কার্যক্রম পরিচালনায় সুবিধা মিলবে।