শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৮ ও ২৯ জুলাই দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।
এ ছাড়া শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ছাত্রদল জানিয়েছে, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো, আন্দোলনে অংশগ্রহণকারীদের অবদান তুলে ধরা এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।