খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৩ জুলাই পর্যন্ত দেশের সরকারি গুদামে চাল, গম ও ধান মিলিয়ে ফ্লোটিং মজুদসহ মোট ২৩ লাখ ৭৪ হাজার ৭৬৩ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। যেখানে নিরাপদ খাদ্য মজুদের ন্যূনতম সীমা ধরা হয় ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন, সেখানে বর্তমান মজুদ সেই সীমার তুলনায় প্রায় ১০ লাখ ২৪ হাজার টন বেশি।
খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকারি গুদামে বর্তমানে ১৯ লাখ ৬০ হাজার ৭৪৬ মেট্রিক টন চাল, ২ লাখ ৯৫ হাজার ৬৮৯ মেট্রিক টন গম এবং ১ লাখ ৬৮ হাজার ৬০৫ মেট্রিক টন ধান মজুদ রয়েছে। এছাড়া ফ্লোটিং চালের মজুদ রয়েছে ৮ হাজার ৭৩৫ মেট্রিক টন।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো সংগ্রহ অভিযানে ২৩ জুলাই পর্যন্ত মোট ১৩ লাখ ৬৫ হাজার ৪৩১ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪ লাখ ৫৯ হাজার ৪৯৮ মেট্রিক টন ধান, ৯ লাখ ৮৯ হাজার ৪২০ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৭৬ হাজার ৮১৪ মেট্রিক টন আতপ চাল। একই সময়ে ৫২৩ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ২৩ দিনে দেশে মোট ৩ লাখ ২০ হাজার ৮০০ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি হয়েছে। এর মধ্যে সরকারি পর্যায়ে ১১ লাখ ৬৫ হাজার মেট্রিক টন এবং বেসরকারি পর্যায়ে ৩ লাখ ৯ হাজার ১৫০ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। এ সময়ে খাদ্য সহায়তা হিসেবে কোনো আমদানি হয়নি।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাজারে খাদ্যশস্যের সরবরাহ স্বাভাবিক রাখা, মূল্য স্থিতিশীল রাখা এবং সরকারি খাদ্য বিতরণ কর্মসূচি নির্বিঘ্ন রাখতে মজুদ ও সংগ্রহ কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে।
খাদ্য মন্ত্রণালয়ের সংগ্রহ অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, চলতি মৌসুমের অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ অভিযান সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। কৃষক ও চালকল মালিকদের সহযোগিতায় লক্ষ্যমাত্রা অনুযায়ী সংগ্রহ সম্ভব হয়েছে এবং বর্তমান মজুদ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) গবেষণা পরিচালক ফিরোজ আল মাহমুদ বলেন, ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি খাদ্য মজুদ এবং সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর কাজ চলছে।
খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল হোসেন বলেন, বর্তমানে সরকারি খাদ্য মজুদ পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। খাদ্যশস্যের গুণগত মান বজায় রেখে সংরক্ষণ এবং ওএমএসসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
তিনি জানান, আগে সরকারি খাদ্য সংরক্ষণ সক্ষমতা ছিল প্রায় ২৪ লাখ মেট্রিক টন, যা বর্তমানে ২৭ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে। সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে এ সক্ষমতা ৩৪ লাখ মেট্রিক টনে উন্নীত করা। একই সঙ্গে বর্ধিত জনসংখ্যা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণের কারণে নিরাপদ খাদ্য মজুদের লক্ষ্যমাত্রাও ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন থেকে বাড়িয়ে ১৬ লাখ মেট্রিক টন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।