শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) ও পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের (পিএসসি) আয়োজনে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে টেপ বল ক্রিকেটে দেশীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে। তিনি তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটানোর ওপরও গুরুত্ব দেন।
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করে আমিনুল হক বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ ফিরিয়ে এনে একটি সুস্থ জাতি গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলাকে গুরুত্ব দিয়ে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গুণগত পরিবর্তন এনে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। এ জন্য তরুণ, কিশোরসহ সমাজের সর্বস্তরের মানুষকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদের সভাপতিত্বে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর খান। এ সময় বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি সারোয়ার হোসেন আকুল, ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা ও স্থানীয় অর্ধশতাধিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড আয়োজিত গ্র্যান্ড ফাইনাল ম্যাচে টিম গ্যালাক্সী কুড়িগ্রাম ও রোজার রাইডার্স কুষ্টিয়া প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার প্রথমার্ধে ব্যাটিংয়ে নামে টিম গ্যালাক্সী। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ ছিল ২৫৬ রান। জবাবে রোজার রাইডার্স কুষ্টিয়া ব্যাট করতে নেমে ২৪৪ রান তুলতে সক্ষম হয়। এতে ১২ রানের ব্যবধানে ম্যাচ জয়ী হয় টিম গ্যালাক্সী কুড়িগ্রাম।

