রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।
গতকাল বুধবার সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন সংসদ সদস্যরা। দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
চিফ হুইপ জানান, ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন শুরুর পাঁচ মিনিট আগে সরাসরি সম্প্রচার শুরু হবে। রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে।
তাদের ভোট দেওয়া শেষ হলে পরবর্তী ভোটগ্রহণ প্রক্রিয়া রেকর্ড করা হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আবার সরাসরি সম্প্রচার শুরু হবে। এরপর ফলাফল ঘোষণাও সরাসরি সম্প্রচার করা হবে বলে জানান তিনি।
শপথ আগামীকাল
নির্বাচনে বিজয়ী নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন ও শপথের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক যাত্রায় নতুন একটি অধ্যায়ের সূচনা হবে।
সংসদীয় দলের সভায় আবেগঘন ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে গতকাল জাতীয় সংসদ ভবনের নবম তলায় বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
সভায় মির্জা ফখরুল দলের সংসদ সদস্যদের কাছে তাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। বক্তব্যে তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন এবং দলের জন্য তাঁদের অবদানের কথা তুলে ধরেন।
দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও দীর্ঘদিন আস্থা রেখে দায়িত্ব দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সংসদ সদস্যদের কাছে দোয়া চান।
সভায় উপস্থিত কয়েকজন সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে পড়েন ফখরুল। কয়েকবার কান্নায় ভেঙে পড়লে সভায় আবেগঘন পরিবেশ তৈরি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বলে তারা জানান।
সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে যাওয়ার প্রসঙ্গ তুলে ফখরুল বলেন, নির্বাচিত হলে তিনি সহকর্মীদের মিস করবেন এবং তাদের কাছে দোয়া চান।
নির্বাচন নিয়ে প্রস্তুত ইসি
এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। নির্বাচন সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।
সিইসি বলেন, ভোটগ্রহণ শেষে প্রতিটি প্রার্থী কত ভোট পেয়েছেন, কত ভোট বাতিল হয়েছে এবং অন্যান্য তথ্য বিস্তারিত ঘোষণা করা হবে। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীর নাম ঘোষণা করার পর ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে আজই নির্ধারিত হবে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন।





