শুক্রবার সকালে উপজেলার গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ফিরোজাকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার বড় মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য অটোরিকশা ধরতে মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রীর গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে।
নিহতের ভাতিজা জাকির হাসান জানান, তারা ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবেই দেখছেন এবং এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। বয়সজনিত অসাবধানতায় মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান জানান, শুক্রবার বাদ আসর ফিরোজা বেগমের লাশ দাফন করা হয়েছে।



