বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের গত এক মাসের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি জানান, সরকারকে জবাবদিহিমূলক রাখতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিনের কার্যক্রমে জনগণকে বোঝাতে সক্ষম হয়েছেন যে, রাষ্ট্রের মালিক জনগণ। তিনি নিয়মিত সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের অভিযোগ ও সমস্যার বিষয়ে নজর রাখছেন এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে নির্দেশ দিচ্ছেন।
গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক অস্থিরতা বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সরকার সংকট মোকাবিলায় কাজ করছে এবং শিগগিরই মানুষ এর সুফল পাবেন বলে আশা করা হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ঝুঁকি বেশি। প্রতিদিন অন্তত পাঁচ মিনিট সময় দিয়ে ঘর ও আশপাশ পরিষ্কার রাখা এবং প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালালে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
গুজব মোকাবিলায় গণমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, টেলিভিশন ও সংবাদপত্রে নিয়মিত ফ্যাক্টচেক ও গুজব যাচাইয়ের অনুষ্ঠান বা প্রতিবেদন থাকা প্রয়োজন। এতে মানুষ সত্য-মিথ্যা তথ্য যাচাইয়ের সুযোগ পাবে।




