শনিবার বিকেলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, চীনা দূতাবাসের প্রতিনিধি, বিভিন্ন ক্রীড়া সংস্থা ও ফেডারেশনের কর্মকর্তা, খ্যাতনামা ক্রীড়াবিদ এবং প্রশিক্ষণার্থী ক্ষুদে খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল হক বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে সারাদেশে শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহ ও অংশগ্রহণ বেড়েছে। প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাচ্ছে। আজকের এসব ক্ষুদে খেলোয়াড়ই ভবিষ্যতে জাতীয় দলকে সমৃদ্ধ করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ ও পরিচর্যার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে বিকেএসপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে উন্নত প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ ও ২৯ এপ্রিল সারাদেশে অনুষ্ঠিত প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত ৩০৬ জন ক্ষুদে খেলোয়াড়কে নিয়ে এ প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। এর আগে ২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৪০ দিনের প্রশিক্ষণে খেলোয়াড়দের ক্রীড়া দক্ষতার পাশাপাশি শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, ক্রীড়াসুলভ আচরণ ও মানসিক দৃঢ়তা বিকাশে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে সম্ভাবনাময় খেলোয়াড়দের চিহ্নিত করে বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।




