এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে কোটবাড়ির বাসা থেকে বের হয় সে। এরপর আর বাসায় ফেরেনি। সন্ধ্যার পর তার মা সদর দক্ষিণ থানায় জিডি করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তুহিন, ফাহিম ও আনাস নামে তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রম চলছে।
অপ্রতিম হত্যাকাণ্ডের সার্বিক বিষয় নিয়ে রোববার দুপুর ১২টায় জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।




