বুধবার নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তাদের ধারাবাহিকতায় এবার তারেক রহমান বাংলা ভাষায় দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও অনুভূতির কথা বিশ্বমঞ্চে তুলে ধরবেন।
মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর সফরের দ্বিতীয় দিনে গেটস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য ও কৃষি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। কৃষিতে প্রযুক্তির ব্যবহার, ‘স্মার্ট ফার্মার কার্ড’, নিজস্ব ভ্যাকসিন উৎপাদন এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে কারিগরি ও আর্থিক সহযোগিতার বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানান তিনি।
রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনসহ পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন বলে জানান মাহদী আমিন। একই সঙ্গে মিয়ানমারে নিপীড়ন বন্ধ, মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নদী-খাল খনন, বৃক্ষরোপণ, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ, নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের মতো বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু তহবিলের ন্যায্য হিস্যার দাবি জানান তিনি।
মাহদী আমিন আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের আগ্রহের প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।




