রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে অবহেলা ছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি নিয়ে প্রাথমিক তদন্ত হয়েছে এবং আরও বিস্তারিত তদন্ত করা হবে। তিনি প্রশ্ন করেন, সালমান মুক্তাদির ফেসবুক লাইভে অভিযোগ করলেও এ ঘটনায় এখনো কোনো মামলা করেছেন কি না।
এদিকে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে; চাঁদাবাজির সংশ্লিষ্টতার বিষয়টি পুলিশ নিশ্চিত করেনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, শনিবার জাসদ কার্যালয় থেকে আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। ২৭ জন ছাড়া অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যকে ‘ভারসাম্যহীন’ ও ‘অসংলগ্ন’ বলে মন্তব্য করেন।




