রোববার মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সভায় উত্থাপিত প্রস্তাবগুলো পর্যালোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও কর্মকর্তা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে স্থানীয় সমস্যা চিহ্নিত করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে নিজের প্রথম অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকলে উন্নয়ন ও বিনিয়োগের পরিবেশ আরও গতিশীল হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ ও মৌলিক অবকাঠামোর উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে তরুণদের বিদেশি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।
সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী জানান, মাদক নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে টাস্কফোর্স গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কার্যক্রমের বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনার কথাও জানান তিনি।




