বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতা সভা ও জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ ও জিআই পণ্য। ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকার ঘোষিত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাত ও বিক্রি বন্ধ রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মাদারীপুর ইলিশের গুরুত্বপূর্ণ অঞ্চল। ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে চললে ইলিশের উৎপাদন বাড়বে এবং দীর্ঘমেয়াদে জেলেদের আয় ও সম্পদ বাড়বে। নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকার ভিজিএফের চাল দিচ্ছে।
ইলিশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, সবার—উল্লেখ করে টুকু বলেন, সম্মিলিতভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা গেলে ইলিশের উৎপাদন আরও বাড়বে এবং জেলেরা এর সুফল পাবেন। জেলেদের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার। উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক, পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে শিবচরের ১৫১ জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।




