বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র হলের ১০৩৫ নম্বর কক্ষে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন নারী শিক্ষার্থীকে র্যাগিং ও হেনস্তা করার অভিযোগ ওঠে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।
ভুক্তভোগীদের অভিযোগ, পিকনিকের কথা বলে ডেকে নিয়ে তাদের গালাগাল, ব্যক্তিগত বিষয়ে জিজ্ঞাসাবাদ এবং মোবাইল ফোন তল্লাশি করা হয়। একপর্যায়ে আনিকা অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
আনিকা জানান, তাকে বিভিন্ন অস্বস্তিকর প্রশ্ন করা হয় এবং শ্বাস নিতে কষ্ট হওয়ায় একপর্যায়ে তিনি শুয়ে পড়েন। পরে কী ঘটেছে, তা তাঁর মনে নেই বলে জানান তিনি। আরেক শিক্ষার্থীর অভিযোগ, অসুস্থ সহপাঠীকে হাসপাতালে নেওয়ার অনুমতি পেতে তাঁদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
ঘটনার পর হাসপাতালে আনিকাকে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদুল হকসহ অন্য শিক্ষকরা।
প্রক্টর বলেন, র্যাগিং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও বিশ্ববিদ্যালয়টিতে র্যাগিংয়ের ঘটনা ঘটেছে।




