মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো এবং কর্মস্থলে ফেরার সুযোগ নিয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনা করা হবে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তায় সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, নিহতদের পরিবারকে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। সৌদি আরবে আহত বাংলাদেশিদের চিকিৎসা এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতেও সংশ্লিষ্ট দেশগুলো সহযোগিতা করছে।
যুদ্ধের কারণে কর্মহীন হয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের প্রশিক্ষণ, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে অন্য দেশে চাকরির সুযোগ তৈরিতেও সহায়তা করা হচ্ছে।
নুরুল হক নুর আশা প্রকাশ করেন, যুদ্ধ শেষ হলে মধ্যপ্রাচ্যের পুনর্গঠন কার্যক্রমে বিপুলসংখ্যক কর্মীর প্রয়োজন হবে। এতে বাংলাদেশি কর্মীদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
প্রতিমন্ত্রী প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধসংক্রান্ত ভিডিও, অডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। এসব বিধিনিষেধ উপেক্ষা করে কোনো কিছু প্রকাশ করা থেকে বিরত থাকা প্রয়োজন।




